ভারতের রাজধানী দিল্লি থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে বিমানবন্দরে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন তরুণ আন্দোলনকর্মী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। ২৭ বছর বয়সী এই নেতা গত মে মাসে আত্মপ্রকাশ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ককরোচ আন্দোলনের সামনের সারির সংগঠকদের একজন। মঙ্গলবার ভোরের ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল, যেখানে অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামকরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নিয়ে তাঁর বক্তব্য দেওয়ার আমন্ত্রণ ছিল। আল মুতাকিম
সৌরভ দাসের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন বিভাগের কর্মকর্তারা তাঁকে জানান যে তাঁর পাসপোর্টে একটি ফ্ল্যাগ বা সতর্কতা চিহ্ন যুক্ত করা হয়েছে। এর ফলে তিনি বিদেশগামী ফ্লাইটে উঠতে পারেননি। যুক্তরাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে যাত্রা আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার গভীর রাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে সৌরভ দাস এই ঘটনার জন্য সরাসরি সরকারকে দায়ী করেন। তিনি লেখেন, এই কাপুরুষ সরকার তাঁকে লন্ডনগামী ফ্লাইটে উঠতে দেয়নি, যেখানে অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) এবং এডিনবার্গের মতো মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ককরোচ আন্দোলনের ওপর বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় শিক্ষার্থীরা এই আয়োজনগুলো সফল করতে প্রাণপণ পরিশ্রম করেছেন উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এই বুদ্ধিবৃত্তিবিরোধী সরকার তাঁর এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাওয়া নিয়ে ভীত ছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বক্তব্য দেওয়ার কথা ছিল সৌরভ দাসের। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের চলমান ছাত্র ও নাগরিক আন্দোলনের বাস্তবতা এবং তরুণদের সংগঠিত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরাই ছিল তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য। কিন্তু অভিবাসন পর্যায়ে আটকে যাওয়ায় তাঁর সেই সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।
এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ঠিক এক মাস আগেই ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আয়োজিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করার অভিযোগে সৌরভ দাসকে আটক করা হয়েছিল। ক্রমবর্ধমান ছাত্র ও নাগরিক অসন্তোষের প্রেক্ষাপটে দিল্লিসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিক্ষোভ দমনের নানা পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক ইতিহাসে জুলাই মাসের আন্দোলন একটি বড় অধ্যায় হিসেবে বিবেচিত। আলোচিত পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে সিজেপির নেতৃত্বে চলা সেই আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ক্ষেত্রে এমন
পিছু হটার ঘটনা ছিল বেশ বিরল এবং তা আন্দোলনকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হয়েছিল।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে বলে সমালোচকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। সম্প্রতি বিরোধী দল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে শতাধিক বিদেশি বক্তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নরওয়েজীয় সাংবাদিকও ছিলেন, যিনি অতীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন।
এর আগে ২০২২ সালেও বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার একটি আলোচিত ঘটনা ঘটেছিল। সে সময় ভারত-শাসিত কাশ্মীরের পুরস্কারজয়ী আলোকচিত্রী সান্না ইরশাদ মাত্তুকে পুলিৎজার পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে কর্তৃপক্ষ আটকে দিয়েছিল। সাম্প্রতিক এই ঘটনাগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও মতপ্রকাশ, আন্তর্জাতিক যোগাযোগ ও ভ্রমণ অধিকারের প্রশ্নটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
সৌরভ দাসের ফ্লাইটে উঠতে না পারার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো তাৎক্ষণিক বিবৃতি বা ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অভিবাসন কর্মকর্তাদের পাসপোর্ট ফ্ল্যাগ করার দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে আন্দোলনকারীরা এটিকে কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছেন, অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে আছেন পর্যবেক্ষকেরা।